আঁধার রাতের অরুন্ধতী – রিয়া মন্ডল

প্রতি রাতে অতিথি হয়ে আসে সে
সর্পিল এক বিশালাকার আকাশগঙ্গায় যাকে খুঁজে মরি
সেই যে অশরীরী
এক ঝাঁক নক্ষত্রের মাঝে সে অনুভববেদ্য নয়,
পৃথিবীর বুকে দাঁড়িয়ে তোমার সংশয় যার প্রতি
তোমার রাতের আকাশে সে অনাহূত অতিথি, অরুন্ধতী।
অসীম সেই চাহিদার মাঝে তোমার সংশয়ের
পরিণতি সেই সত্যে
যা মেঘের আড়ালে লুকিয়ে,
অরুন্ধতী, তুমি তো জেগে আছ!
বিপুল ধূলিকণার শরীরাকাশে তুমি সূক্ষ্ম অথচ গভীর
পৃথিবীর চক্ষু উন্মীলিত হয়েও তোমায় দেখতে পায়নি।
শত যুদ্ধ, শত অবিচার, শত শত আন্দোলনে ওরা খোঁজেনি তোমায়
তোমার সহযাত্রী তারকা জানে তুমি শাশ্বত,
যুগ যুগ ধরে যে আলো জ্বালিয়ে যায় মনীষীগণ
শত প্রচেষ্টায় তার শিখা আজ উর্দ্ধগামী
তবু তুমি জান, অরুন্ধতী
এক পক্ষের সত্যকে গ্রহণ করে যে মানুষ আজ মহান
তারা তারকাখচিত রাত দেখেনি
আগুন জ্বালানোর পূর্বে দু’চোখে তোমায় খোঁজেনি
তুমি আজও ঋষির চোখে দৃশ্যমান
মনুষ্যজন্মের মতই তোমার অস্তিত্ব স্বতঃসিদ্ধ
অরুন্ধতী, তুমি নিঃসীম আঁধারে আলো জ্বেলে রেখো
চেয়ে আছে যে শত শত নির্ঘুম চোখ তোমা পানে!


রিয়া মন্ডল
গবেষিকা, দর্শন বিভাগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

Please email your comments/suggestions to soumyanetra.convergence@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *