প‌ঞ্চসায়র – মমতা সরকার

নার্সিসাসের আরশি হতে
দাঁড়িয়ে ছিল জল
বাড়ন্ত কলকাতার বুকে
এখন‌ও টলটল।

নগর জীবন ব্যস্ত শহর
ছুটন্ত তার মন
জল বলে তুই ছুটিস নে আর
কান পেতে ঐ শোন্—

মৃদুমন্দ হাওয়ার সাথে
পড়ন্ত বিকেলে
থির হয়ে তুই দাঁড়াস যদি
চক্ষু দুটি মেলে

পরিয়ে দেব মায়া কাজল
মাতিয়ে দেব মন
জলের টানে সকাল হবে
বিকেল উচাটন।

ইচ্ছে হবে আদুল গায়ে
জলের পাশে বসি
কালো জলের আলো মেখে
জল-যমুনায় মিশি।

মন যদি চায় কলস ভরে
জল নিয়ে যাস ঘরে
জলের বুকে মুখটি দেখে
জল রেখো অন্তরে।।


মমতা সরকার —প্রাক্তন অধ্যাপিকা, সম্মিলনী মহাবিদ্যালয়, জুড়ে থাকতে ভালবাসেন সঙ্গীত ও সাহিত্যের বহুবিধ চর্চায়, প্রিয় কাজ— ব‌ই পড়া, কবিতা পাঠ,অনুষ্ঠান সঞ্চালনা, লেখালিখি।

Please email your comments/suggestions to soumyanetra.convergence@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *